গীটার, বেহালা আর বাঁশি
এক বন্ধুই বলেছিল,
‘ একা লাগবেনা আর
কিনে ফেল একটা
গীটার অথবা বেহালা
কিংবা নিদেনপক্ষে
সস্তা দামের বাঁশের একটা বাঁশি।
গীটারের ছয়টা
তারে আঙুল ছোঁয়ালেই দেখবি
অদৃশ্য এক জগত
থেকে ছুটে এসেছে ছয়টা অপূর্ব ঋতু,
তাদের রূপ তোর
অচেনা, তাদের গল্প তোর শোনা হয়নি কোনদিন,
দেয়ালজুড়ে দেখবি
তখন ফুটে উঠেছে ফসলের ঊজ্জ্বল মাঠ
একটু আগের বিষন্ন
ঘরে যেন হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে
অতিপ্রিয় আড্ডাবাজ
ছয়টি পুরোনো বন্ধু।
অথবা বেহালার
ছড় যখন ছুঁয়ে দেবে চারটি তার,
যাদুকাঠি ছোঁয়ালে
যেভাবে ঘুম থেকে জেগে ওঠে
রূপকথার সুন্দরী
রাজকুমারী অনেক গল্প নিয়ে,
তেমনি মুহুর্তেই
দীর্ঘ ঘুমের অতলান্তিক সাঁতরে পার হয়ে
তোর ঘরে এসে হাজির
হবে করুণ, কোমল, শান্ত সুরের পরীরা
ভালবেসে ছুঁয়ে
দিলে দেখবি বিষাদের সুরও হয়ে গেছে ঊচ্ছ্বল।
কিংবা বাঁশিটির
ঠোঁটে ঠোঁট রেখে দীর্ঘ চুম্বনে
যদি তুই জানিয়ে
দিতে পারিস তোর প্রণয়াভিলাস
দেখবি তার ছটা
খোপ থেকেই বেড়িয়ে আসছে
বিভিন্ন স্বরগ্রামের
শিষবাজিয়েওলা পাখির দল,
একা আর লাগবেনা
তখন দেখিস নিজেকে।’
এরকম হেঁয়ালিপূর্ণ
কথা বলে বন্ধুটি চলে যাবার
কদিন পরেই ঘরে
নিয়ে এলাম গীটার, বেহালা, আর বাঁশি।
ভালবাসা শব্দটার
শক্তি এতটাই প্রবল যে
কতগুলো নিছক যন্ত্রও
একদিন হয়ে ওঠে চিরসখা বন্ধুজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন